টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। বিশেষ করে তার তিনবার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময়ে নানা মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে তাকে। এবার ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে হাজির হয়ে নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন তিনি। শ্রাবন্তী জানান, সম্পর্কের বারবার পাওয়া আঘাত তাকে মানসিকভাবে ভীষণভাবে ভেঙে দিয়েছিল, এমনকি একাধিক বার নিজেকে শেষ করে দেওয়ার কথাও তার মনে হয়েছিল। তবে পরবর্তীতে তিনি নিজেকে প্রশ্ন করেন, কেন একটি ভুল পছন্দের কারণে নিজের জীবন শেষ করবেন?
শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনের ঘটনাবলি পর্যালোচনা করলে দেখা যায়, ২০০৩ সালে খুব অল্প বয়সেই তিনি পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের অভিমন্যু নামে এক পুত্রসন্তান রয়েছে, যে বিচ্ছেদের পর থেকে মায়ের সঙ্গেই থাকছে। প্রথম বিয়ের বিচ্ছেদের পর মডেল কৃষাণের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী এবং ২০১৬ সালেই তারা বিয়ে করেন। তবে সেই সংসারও এক বছরের বেশি টেকেনি। পরবর্তীতে ২০১৯ সালে অনেকটা গোপনেই ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের সম্পর্কে ফাটল ধরে এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের এপ্রিলে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।
প্রেম, বিয়ে ও বিচ্ছেদের বাইরেও বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে শ্রাবন্তীর নাম জড়িয়েছে। যদিও এসব বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সবসময়ই বলেন যে, বর্তমানে তার মূল মনোযোগ কাজের দিকে। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও সক্রিয় হয়েছেন এই আলোচিত অভিনেত্রী। ব্যক্তিজীবনের নানা টানাপোড়েনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই তাকে বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়।