বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশের পর থেকেই বেশ আলোচনায় রয়েছেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গর্ভধারণ নিয়ে ছড়ানো ভিত্তিহীন মন্তব্যের বিরুদ্ধে সরব হওয়া এক কনটেন্ট ক্রিয়েটরের পোস্টে সমর্থন জানিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। আরশিয়া মুরজানি নামে ওই কনটেন্ট ক্রিয়েটর সম্প্রতি একটি রিল প্রকাশ করেন, যেখানে তিনি দীপিকা ও রণবীর সিংয়ের মাতৃত্বকালীন ফটোশুটের প্রশংসা করার পাশাপাশি প্রথম সন্তান গর্ভে থাকার সময়ের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করেন।
আরশিয়া তার ভিডিওতে উল্লেখ করেন, দীপিকা যখন প্রথমবার অন্তঃসত্ত্বা ছিলেন, তখন নেটিজেনদের একটি অংশ তার গর্ভধারণকে ‘নকল’ বলে দাবি করেছিল। কোনো নারীর শারীরিক গড়ন ভিন্ন হওয়ার কারণে তাকে নিয়ে এমন নেতিবাচক ধারণা তৈরি করা অত্যন্ত দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন। আরশিয়া আরও বলেন, দীপিকা বর্তমানে তার জীবনের একটি সুন্দর সময় পার করছেন, তাই ভিত্তিহীন সন্দেহ না ছড়িয়ে বরং তার ব্যক্তিগত মুহূর্তকে সম্মান জানানো উচিত। দীপিকার সৌন্দর্যের প্রশংসা করে তিনি সবাইকে এমন গুজব থেকে বিরত থাকার আহ্বান জানান। আরশিয়ার এই প্রতিবাদী পোস্টটিতে দীপিকা পাড়ুকোন লাইক দিয়েছেন, যা ভক্তদের নজরে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
উল্লেখ্য যে, ২০২৪ সালে প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার সময়ও দীপিকাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের নেতিবাচক মন্তব্য করা হয়েছিল। সম্প্রতি দীপিকা ও রণবীর তাদের প্রথম সন্তান দুয়ার দ্বিতীয় জন্মদিন উপলক্ষে একাধিক ছবি প্রকাশ করেন, যার একটিতে দীপিকার বেবি বাম্পও দেখা যায়। গত ১৯ এপ্রিল ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে তারা দ্বিতীয়বার সন্তান নেওয়ার সুখবরটি ভক্তদের জানিয়েছিলেন, যেখানে মেয়ে দুয়াকে পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা গিয়েছিল। ২০১৩ সালে ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে পরিচয় এবং কয়েক বছর প্রেমের পর ২০১৫ সালে গোপনে বাগদান করেন তারা। এরপর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় জমকালো আয়োজনে বিয়ে করেন এই তারকা দম্পতি।