রাজধানীর আদাবর এলাকা থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ১০ নম্বর বালুর মাঠ এলাকার খালপাড়ের ময়লার স্তূপ থেকে মরদেহটির বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আদাবর ১০ নম্বর বালুর মাঠসংলগ্ন ওই খালপাড়ে দীর্ঘ সময় ধরে একটি কালো রঙের ব্যাকপ্যাক পড়ে ছিল। স্থানীয়রা কৌতূহলবশত ব্যাগটি টান দিলে প্রথমে একটি হাত এবং পরে মাথা বেরিয়ে পড়ে। এরপর পুলিশ খালে তল্লাশি চালিয়ে লাশের আরও দুটি অংশ উদ্ধার করে। তবে নিহত নারীর দুই পা এখনো খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, মাঝবয়সী ওই নারীর পরিচয় নিশ্চিত হতে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ বা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।