বিএনপির কেন্দ্রীয় কমিটিসহ দলের সকল স্তরের কমিটিতে থাকা শূন্য পদগুলো পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার রাতে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, দলের বিভিন্ন কমিটিতে থাকা অনেক নেতা মারা গেছেন কিংবা বিভিন্ন কারণে বহিষ্কৃত হয়েছেন। এই শূন্য পদগুলো পূরণের জন্য দলের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী স্তরে থাকা নেতাদের পদোন্নতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। গঠনতন্ত্রের বিধান মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
একই বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। রুহুল কবির রিজভী জানান, আগামী ২৯ অক্টোবর এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দল থেকে প্রার্থী নির্বাচনের লক্ষ্যে আগামী ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হবে। পরদিন ১৬ সেপ্টেম্বর ফরম জমা নেওয়া হবে এবং ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যদের সমন্বয়ে গঠিত মনোনয়ন বোর্ডের বৈঠকে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।
এছাড়া ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী প্রচারণার সিদ্ধান্ত নিয়েছে দলটি। রেডিও, টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচারের পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাটবাজারের মতো জনসমাগমস্থলে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলার আহ্বান জানানো হয়েছে। দলের পক্ষ থেকে এই কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, দল থেকে কোনো প্রার্থী দেওয়া হবে না, তবে একজনকে সমর্থন দেওয়া হবে। দলের চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত জেলা নেতাদের সঙ্গে বৈঠক করে নির্দেশনা দিচ্ছেন যাতে সবাই সমর্থিত প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করেন। শনিবারে নাটোর, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলা নেতাদের সঙ্গেও তারেক রহমান বৈঠক করেছেন। তবে জাতীয় কাউন্সিল বা অন্য কোনো বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি বলে তিনি নিশ্চিত করেন।