ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের মধ্যে যৌথ নৌপথ চালুর বিষয়ে আগামী সোমবার ওমানের রাজধানী মাসকাটে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির বিষয়টি আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনকেও অবহিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান জানান, সোমবার মাসকাটে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন। সেখানে হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের যৌথ নৌপথ প্রতিষ্ঠার চুক্তিটি সই হবে। তিনি আরও জানান, যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে, তারাও এই বৈঠকে অংশ নেবে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও সামরিক ব্যর্থতার বিষয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সামরিকভাবে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক চাপের পথ বেছে নিয়েছে, তবে এতে ইরান দমে যাবে না। তিনি আরও মন্তব্য করেন যে, ইরানের অস্তিত্ব কেবল সমুদ্রপথের ওপর নির্ভরশীল নয়। যুক্তরাষ্ট্রের অবরোধ ও হামলা বন্ধ হলে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে বলেও তিনি জানান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার জানিয়েছিলেন, সোমবার ওমান আটটি উপসাগরীয় দেশকে নিয়ে একটি আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করবে। ওই বৈঠকে আঞ্চলিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ নৌপথ নির্ধারণে ইরান-ওমান আলোচনার ফলাফল নিয়ে আলোচনা করা হবে।