পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তি কোনো নির্দিষ্ট ধর্মীয় বা মুসলিম দেশগুলোর জন্য তৈরি ‘ক্লাব’ নয়। বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার একটি সম্মিলিত জোট হিসেবে কাজ করবে।
বুধবার আল আরাবিয়া ইংলিশের অনুষ্ঠান ‘গ্লোবাল নিউজ টুডে’-তে অংশ নিয়ে তিনি উপস্থাপক টম বার্জেস ওয়াটসনের সঙ্গে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। এই চুক্তিটিকে মুসলিম বিশ্বের বৃহত্তর নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে দেখা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে জানান, চুক্তিতে কোথাও এমন কোনো উল্লেখ নেই যে এটি একটি মুসলিম জোট।
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যকার এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির কোনো নিজস্ব ‘আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা’ নেই। জোটের সম্প্রসারণের বিষয়টি নির্ভর করছে এই তিন দেশের নেতৃত্বের সিদ্ধান্তের ওপর। ভবিষ্যতে যারা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আগ্রাসন না চালানো ও হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাসী, এমন নতুন অংশীদারদের এই জোটে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তবে নতুন কোনো দেশ বা পক্ষকে কখন বা কীভাবে এই জোটে যুক্ত করা হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট তিনটি দেশের নেতৃত্বের ওপরই ন্যস্ত থাকবে বলে তিনি জানান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আল আরাবিয়া ইংলিশের অনুষ্ঠান ‘গ্লোবাল নিউজ টুডে’-তে উপস্থাপক টম বার্জেস ওয়াটসনের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।