দীর্ঘ এক যুগ পর ঢাকার বুকে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পোশাক খাতের বৃহৎ প্রদর্শনী 'বাটেক্সপো ২০২৬'। আগামী ১৮ ও ১৯ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এই মেলা আয়োজন করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাটেক্সপো ২০২৬ সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে আয়োজনটির ব্যাপক প্রচারের জন্য অনলাইন গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
এবারের বাটেক্সপোর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ব্র্যান্ডিং কান্ট্রি’। মূলত সনাতনী বাজারের পাশাপাশি বিশ্বের নতুন ও সম্ভাবনাময় বাজারগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের অবস্থান আরও সুদৃঢ় করাই এই মেলার প্রধান লক্ষ্য।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দিনের এই প্রদর্শনীতে গ্লোবাল অ্যাপারেল এক্সপো, গ্লোবাল অ্যাপারেল সামিট, এআই ও ইনোভেশন হাব এবং সাসটেইনেবিলিটি ও সার্কুলারিটি এক্সপোজিশন অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি আন্তর্জাতিক সহযোগী সংস্থা জিআইজেডের (GIZ) সহায়তায় টেকসই নেতৃত্ব পুরস্কার এবং একটি ফ্যাশন রানওয়ের আয়োজনও রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে পোশাক খাতের নানামুখী চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি, বৈশ্বিক ভূ-রাজনৈতিক সংকট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ব্যবহার, পণ্যের বহুমুখীকরণ, জ্বালানি নিরাপত্তা এবং এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী প্রস্তুতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। এ সময় দেশে ব্যবসা সহজীকরণ, কাস্টমস ও ব্যাংকিং খাতের জটিলতা দূরীকরণ এবং সরকারের নীতিগত সহযোগিতা বাড়ানোর দাবি জানানো হয়।
এছাড়াও পোশাক খাতের প্রসারে অন্যান্য উদ্যোগের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। আগামী ২৮ ও ২৯ অক্টোবর হংকংয়ে বিজিএমইএ ও এইচএসবিসি বাংলাদেশের যৌথ উদ্যোগে 'বাংলাদেশ অ্যাপারেল রোডশো হংকং ২০২৬' অনুষ্ঠিত হবে। অন্যদিকে, জাপানের বাজার ধরার সম্ভাবনা কাজে লাগাতে বিজিএমইএ কার্যালয়ে ইতিমধ্যে চালু করা হয়েছে বিশেষায়িত 'বিজিএমইএ-জাপান ডেস্ক'। আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে এই ডেস্কটির উদ্বোধন করবেন।