সাভারের আশুলিয়ায় জামগড়া এলাকার প্রীতি গ্রুপের এফএনএস পোশাক কারখানার বাইরে থাকা লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জয়নব বেগম নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে, যিনি কারখানার পাশে একটি কাপড়ের দোকান করতেন। বাকি পাঁচজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ডিপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুস সালাম।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কারখানার সীমানা প্রাচীরের বাইরে থাকা লরিগুলোতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে লরির ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকিদের মরদেহ লরির পাশেই পড়ে ছিল। এছাড়া বিস্ফোরণের তীব্রতায় সিলিন্ডারটি ছিটকে পার্শ্ববর্তী একটি দোকানে গিয়ে পড়লে সেখানে থাকা দোকানি জয়নব বেগম ঘটনাস্থলেই মারা যান।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার কর্মচারী ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, তাদের হাসপাতালে এখন পর্যন্ত ১৬ জন ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং পুরো শরীর দগ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রনি জানান, বিস্ফোরণের বিকট শব্দে ও আগুনের লেলিহান শিখায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি নিজে দুজন দগ্ধ ও গুরুতর আহত এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এছাড়া কারখানার পাশে রাস্তায় থাকা রিকশাচালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বিস্ফোরণের ফলে বয়লার বা পাইপের লোহার খণ্ড উড়ে গিয়ে পাশের বাড়িঘর ও রাস্তায় পড়ায় হতাহতের ঘটনা ঘটে।
প্রীতি গ্রুপের এফএনএস কারখানার অ্যাডমিন-ম্যানেজার হেমায়েত উদ্দিন জানান, কারখানার সীমানা প্রাচীরের পাশে থাকা লরির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কারখানার ভেতর কোনো শ্রমিক আটকা পড়েননি, সবাই আগেই বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, সন্ধ্যায় খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছান। ডিপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুস সালাম জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষ।