প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ২৬
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআরসি) লেক টাঙ্গানিকায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ৪১ জনের প্রাণহানি ঘটেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ থাকা অন্যান্য যাত্রীদের খুঁজে বের করতে হ্রদে জোরদার উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
কঙ্গোর টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোইয়ি আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় ১০০ জন যাত্রী এবং বিপুল পরিমাণ পণ্যসামগ্রী নিয়ে নৌকাটি তানজানিয়ার কিগোমা বন্দর থেকে রওনা হয়েছিল। এটির গন্তব্য ছিল ডিআরসির কালেমিয়ে শহর। কিন্তু গত বৃহস্পতিবার কঙ্গোর ম্যাপেরা গ্রামের কাছাকাছি পৌঁছালে লেক টাঙ্গানিকায় নৌকাটি আকস্মিকভাবে ডুবে যায়।
নৌকাটি ঠিক কী কারণে দুর্ঘটনার কবলে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কঙ্গোতে সাম্প্রতিক বছরগুলোতে নৌকাডুবির ঘটনায় শত শত মানুষের মৃত্যু হয়েছে। দেশটির নৌযানগুলোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করা অত্যন্ত সাধারণ বিষয় এবং এগুলোতে পর্যাপ্ত লাইফ জ্যাকেটের মতো জীবনরক্ষাকারী সরঞ্জামও থাকে না।
১০ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশটিতে সড়ক ও রেল অবকাঠামো অত্যন্ত অপ্রতুল। ফলে কঙ্গোর সাধারণ মানুষের কাছে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য নৌপথই সবচেয়ে সস্তা ও সহজলভ্য মাধ্যম হিসেবে বিবেচিত হয়। উল্লেখ্য, এক মাসেরও কম সময়ের ব্যবধানে কিগোমা-কালেমিয়ে নৌপথে এটি দ্বিতীয় বড় ধরনের নৌ-দুর্ঘটনা।