হরমুজ প্রণালি পুনরায় সচল করা এবং আঞ্চলিক সংকট নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের মধ্যস্থতায় নতুন করে পরোক্ষ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি আশা প্রকাশ করেছেন যে, আগামী মঙ্গলবার নাগাদ এ বিষয়ে ওয়াশিংটনের কাছ থেকে একটি আনুষ্ঠানিক জবাব পাওয়া যেতে পারে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
আরাগচি জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার ফাঁকে তার সফরের অন্যতম প্রধান লক্ষ্য ছিল আঞ্চলিক সংঘাত এবং হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তেহরানের অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা। তিনি পুনর্ব্যক্ত করেন যে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে এই গুরুত্বপূর্ণ নৌপথটি সচল করার জন্য ইরান একটি ন্যায্য ও যৌক্তিক পরিকল্পনা প্রস্তাব করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল আমেরিকান পক্ষ এবং অন্যান্য সকল দেশের কাছে এই শর্তগুলো পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এটা নিশ্চিত করা যে, এ বিষয়ে ইরানের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।’
সর্বশেষ বৈঠকে কাতারের মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মতপার্থক্য কমিয়ে তেহরানের প্রস্তাব বাস্তবায়নের পথ সুগম করতে নতুন কিছু ধারণা উপস্থাপন করেছেন, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। আরাগচি উল্লেখ করেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান আগে থেকেই চলছিল। তবে ইরানের নতুন প্রস্তাব সামনে আসার পর এই কূটনৈতিক যোগাযোগের প্রক্রিয়াটি আগের চেয়ে আরও গুরুত্ব পেয়েছে এবং বর্তমানে তা একটি ‘গুরুতর পর্যায়ে’ পৌঁছেছে।