ফুটবল মাঠে ট্যাকল, ফাউল কিংবা হাতাহাতির কারণে লাল কার্ড দেখা নিয়মিত ঘটনা হলেও কনকাকাফ নেশনস লিগের ম্যাচে ঘটেছে এক অদ্ভুত কাণ্ড। প্রতিপক্ষ দলের ফুটবলারের অস্বাভাবিক লম্বা চুল ধরে টানার অপরাধে সরাসরি লাল কার্ড দেখেছেন অ্যান্টিগুয়া ও বারবুডার দুই খেলোয়াড়।
ম্যাচের আলোচনার কেন্দ্রে থাকা অ্যাঙ্গুইলার ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড অ্যাডেন স্কিপিও তার গোড়ালি ছাপিয়ে নামা লম্বা ড্রেডলকের জন্য পরিচিত। চুলগুলো শরীরের সঙ্গে বেঁধে রাখার জন্য তাকে কোমরের চারপাশে ব্যান্ড পরতে হয়। অ্যাঙ্গুইলা ৫-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচের ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন স্কিপিও।
মাঠে নামার মাত্র তিন মিনিট পরই স্কিপিওর চুলে টান দেওয়ার ঘটনায় রেফারি অ্যান্টিগুয়া ও বারবুডার কিওন গ্রিনকে সরাসরি লাল কার্ড দেখান। ঘটনার এখানেই শেষ নয়, ম্যাচের যোগ করা সময়ে আবারও স্কিপিওর চুল ধরেন একই দলের শালন নাইট। এবার এত জোরে টান দেওয়া হয় যে ফরোয়ার্ড স্কিপিও মাটিতে পড়ে যান। ফলে নাইটও সরাসরি লাল কার্ড দেখেন।
এভাবে দুই খেলোয়াড়কে হারানোর ফলে অ্যান্টিগুয়া ও বারবুডাকে ৯ জনের দল নিয়ে ম্যাচ শেষ করতে হয়। তবে স্কিপিওর চুল নিয়ে মাঠে এমন নাটকীয়তা চললেও ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি; অ্যাঙ্গুইলা ৫-০ গোলে পরাজিত হয়।