প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ এএম। রাশিয়ার আমুর অঞ্চলে একটি টিইউ-৯৫ মডেলের বোমারু বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। চীন সীমান্তবর্তী এই অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমানটি মাটিতে আছড়ে পড়ে। ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ইউক্রেনকা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি ক্রাসনোইয়ারোভো শহরের কাছে বিধ্বস্ত হয়। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানের জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে জ্বলন্ত বিমান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
দুর্ঘটনায় বিমানটির একজন ক্রু সদস্য আহত অবস্থায় বেঁচে গেছেন। তাকে মাঝারি ধরনের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় জরুরি উদ্ধারকারী ও অগ্নিনির্বাপণকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা ও এর কারণ খতিয়ে দেখার জন্য মস্কো থেকে অ্যারোস্পেস ফোর্সেসের একটি কমিশনকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তুপোলেভ টিইউ-৯৫ হলো সোভিয়েত আমলের একটি বিশাল আকৃতির বোমারু বিমান, যা পারমাণবিক অস্ত্র বহন ও নিক্ষেপ করতে সক্ষম। ১৯৫২ সালে প্রথম আকাশে ওড়া এই বিমানটি ১৯৫৬ সালে আনুষ্ঠানিকভাবে পরিষেবায় যুক্ত হয়। বর্তমানে রাশিয়ার সামরিক বাহিনী তাদের নিয়মিত মহড়ায় বিমানটি ব্যবহার করে থাকে। এর আগে গত বছরের জুলাই মাসে খারাপ আবহাওয়ায় আন্তোনভ এএন-২৪ এবং ২০২১ সালের আগস্টে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ১৬ আরোহী নিয়ে একটি ‘মিল মি-৮’ হেলিকপ্টার বিধ্বস্ত হয়; ওই আরোহীদের অধিকাংশই ছিলেন পর্যটক।