কুষ্টিয়ার দৌলতপুরে মাদক কারবারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত-সংলগ্ন চড়ুইকুড়ি (মরার চর) গ্রামে এই সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন এবং টেঙ্গুর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত টেঙ্গুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পটলের ছোট ভাই। স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের সময় এলাকায় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।
ঘটনার সূত্রপাত গত সোমবার রাতে ভারত থেকে আসা মাদককে কেন্দ্র করে। জানা গেছে, স্থানীয় ওয়ার্ড সদস্য ও বিএনপি নেতা আজাহার এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পটলের গ্রুপের মধ্যে এই বিরোধ সৃষ্টি হয়। এরপর গত দুই দিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এবং বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে আজাহার মেম্বার ও পটল গ্রুপের মধ্যে সংঘর্ষের রূপ নেয়। এক পর্যায়ে টেঙ্গুর পেটে সড়কিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এই সংঘর্ষের ঘটনায় সুমন মিয়া (৫০), হাদু মন্ডল (৭০), রাশিদুল (৩৫), ফটিক (৫৫), বজলু (৫৫), আজাদ মন্ডল (৬০) ও রাজু মন্ডল (৩০) আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানিয়েছেন, ভারত থেকে আসা মাদক বা পাতার বিড়িকে কেন্দ্র করে দুই-তিন দিন ধরে চলা বিরোধের জেরেই এই সংঘর্ষ হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে টেঙ্গুর নামে একজন নিহত হওয়ার তথ্য পেয়েছেন এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।