বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির প্রতিবাদ করায় গ্রেপ্তার হওয়া বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা ‘সাজানো মামলা’ প্রত্যাহার এবং তার অবিলম্বে মুক্তি দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান এবং এই গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, মেজর (অব.) আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি এবং তার বিরুদ্ধে আনা এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। বিমানবন্দরে বিদ্যমান অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ইতিমধ্যে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, আখতারুজ্জামান কেবল যাত্রী হয়রানি এবং প্রবাস থেকে ফেরত আসা বাংলাদেশিদের প্রতি করা অন্যায় আচরণের প্রতিবাদ করেছিলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, প্রতিবাদ করার সময় তার ভাষা কেমন ছিল, সেটি হয়তো আলোচনার বিষয় হতে পারে। তবে তিনি যে বিষয়ে সোচ্চার হয়েছিলেন, তার পক্ষে বিমানবন্দরে উপস্থিত ভুক্তভোগী যাত্রীরাই প্রত্যক্ষ সাক্ষী। বিমানবন্দরে অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে যদি এই হয়রানিমূলক গ্রেপ্তার করা হয়ে থাকে, তবে তা এক অশনি সংকেত। দেশের ভুক্তভোগী জনগণ কোনো অবস্থাতেই এই অন্যায় মেনে নেবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।