লিওনেল মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে পুরো আর্জেন্টিনায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। তবে এই বিশেষ উপলক্ষকে কেবল উদযাপনের মধ্যে সীমাবদ্ধ রাখতে নারাজ প্রতিপক্ষ বেনিন। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের সেরাটা দিতে এবং সামর্থ্যের প্রমাণ দিতে বদ্ধপরিকর আফ্রিকান দেশটি।
আগামীকাল বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস এইরেসের বিখ্যাত মনুমেন্টাল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বেনিন। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কারণে স্বাগতিকদের কাছে এটি যেমন ঐতিহাসিক, তেমনি বেনিনের কাছেও নিজেকে মেলে ধরার এক অনন্য সুযোগ।
ম্যাচকে ঘিরে বেনিনের প্রস্তুতি ও সুযোগ-সুবিধা নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তা সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন দলটির গোলরক্ষক মার্সেল দানজিনু। দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ক্রুগার ইউনাইটেডের এই গোলরক্ষক জানিয়েছেন, বুয়েনস এইরেসে তারা দারুণ আছেন এবং কোনো ধরনের সমস্যার মুখোমুখি হননি।
ম্যাচের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী মার্সেল দানজিনু বলেন, আমরা এখানে বেনিনকে রক্ষা করতে এসেছি। এটা ফুটবল, যেখানে ১১ জনের বিপক্ষে ১১ জন খেলে। আমরা জিততে পারি, ড্র করতে পারি, অথবা তারা জিততে পারে। কিন্তু আমরা এখানে কেবল ভ্রমণের জন্য আসিনি, খেলতে ও প্রতিদ্বন্দ্বিতা করতেই এসেছি।