রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠনের আরও ছয় নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বহিষ্কৃত নেতারা হলেন—বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান এবং বিশাল চক্রবর্তী। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের দলীয় পদ এবং ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একই ঘটনায় শোকজ পাওয়া ছয় নেতা হলেন—সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, সহসভাপতি বুলবুল রহমান, সহসভাপতি শরিফুল ইসলাম, সহসভাপতি ফারুক হোসেন, সহদপ্তর সম্পাদক শাহারিয়ার আলম এবং ছাত্রনেতা সাজু। তাদের বিরুদ্ধে ওঠা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত রবিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সশস্ত্র মহড়ার ভিডিও ধারণ করায় কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের বেধড়ক পিটুনিতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে 'আগামীর সময়' পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল হাসান গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই হামলার ঘটনার একটি ভিডিও ফুটেজ থাকলেও হল প্রশাসন সুনির্দিষ্ট কারও নাম উল্লেখ না করে নগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের করেছে।