রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘গণবোমা’ হামলার হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকেই ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে এই হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থেই ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মঙ্গলবার সেখানে পুলিশের উপস্থিতি আরও বাড়ানো হবে। তিনি আরও জানান, থানা পুলিশের পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থা বিষয়টির তদন্ত শুরু করেছে।
গত ৪ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের একটি আইডি থেকে ই-মেইল বার্তায় এই হুমকি দেওয়া হয়। ইমেইলে বলা হয়, ঢাকার প্রগতি সরণির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলা চালানো হবে এবং কেউ তা থামাতে পারবে না। হুমকি পাওয়ার পরপরই ব্র্যাক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করে এবং ইমেইলটি ফরোয়ার্ড করে সহায়তা কামনা করে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক লিখিত বক্তব্যে জানানো হয়েছে, তারা অজ্ঞাত ই-মেইলটি পাওয়ার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তাকে বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান জানিয়েছেন, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তার মতে, এটি কোনো পোটেনশিয়াল হুমকি নয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং ডিবি সাইবার টিম বিষয়টি তদন্ত করছে।
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৫: ৪৯আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৫: ৫০
ব্র্যাক বিশ্বিদ্যালয়ের সবাইকে উদ্দেশ্য করে ইমেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখ যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর বেলা ১১টার দিকে এই হামলা করা হবে।’