আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বর্ধিত করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে সোমবার (৫ অক্টোবর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নতুন সময়সূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিদ্যুৎ বিভাগের উপসচিব সোনিয়া বিনতে তাবিব।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখা যাবে। তবে ২২ অক্টোবরের পর থেকে অর্থাৎ ২৩ অক্টোবর থেকে আবারও পূর্বের সময়সূচি কার্যকর হবে। সেই অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।