সিনেমা জগতে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন ডালপালা মেলে। সময়ের সঙ্গে অনেক রটনা হারিয়ে গেলেও কিছু চর্চা দীর্ঘস্থায়ী হয়ে যায়। টালিপাড়ার এমন একটি চর্চিত বিষয় ছিল অঙ্কুশ হাজরা ও নুসরাত জাহানের মধ্যকার কথিত প্রেমের সম্পর্ক। যদিও এই আলোচনা এখন অনেকটা স্তিমিত, তবুও দর্শক বা অনুরাগীদের স্মৃতি থেকে তা একেবারে মুছে যায়নি। অতীতে এই জুটি ‘জামাই ৪২০’, ‘কেলোর কীর্তি’, ‘আমি যে কে তোমার’, ‘খিলাড়ি’ কিংবা ‘হরিপদ ব্যান্ডওয়ালা’র মতো বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।
একসময় হঠাৎ করেই এই সফল জুটিকে আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যেত, সিনেমার শুটিংয়ের সূত্রেই নাকি তারা একে অপরের কাছাকাছি এসেছিলেন। এছাড়া ঐন্দ্রিলা সেনের সঙ্গে অঙ্কুশের সম্পর্কের সূচনার পরই নাকি নুসরাতের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল—এমন কথাও শোনা যেত। তবে দুই তারকার কেউই তখন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
দীর্ঘদিন পর এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের এই অধ্যায় ও সম্পর্কের সমীকরণ নিয়ে খোলামেলা কথা বলেছেন অঙ্কুশ। নুসরাতের সঙ্গে প্রেমের যাবতীয় গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, তাদের মধ্যে কখনোই কোনো প্রেমের সম্পর্ক ছিল না। গণমাধ্যমের কাছে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের মধ্যে কোনো প্রেমের ব্যাপার ছিল না। তিনি ও নুসরাত মোটে ছয় থেকে সাতটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। কাজের সুবাদে অন্য যেকোনো সহ-শিল্পীর সঙ্গে যেমন স্বাভাবিক সখ্য বা বন্ডিং গড়ে ওঠে, তাদের মধ্যেও ঠিক তেমনই ছিল। এর বাইরে প্রেমের কোনো সম্পর্ক ছিল না বলেই দাবি করেন অভিনেতা।