সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। সংস্থাটির মহাসচিব জাসেম আল-বুদাইউই এই হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন।
শনিবার এক বিবৃতিতে জাসেম আল-বুদাইউই বলেন, বেসামরিক স্থাপনায় বারবার এ ধরনের হামলার ঘটনা একটি অপরাধমূলক প্রবণতার প্রতিফলন। এর মাধ্যমে শান্তিপূর্ণ বেসামরিক মানুষকে আতঙ্কিত করার পাশাপাশি যাত্রী ও কর্মীদের জীবনকে চরম ঝুঁকিতে ফেলা হচ্ছে। তিনি আরও বলেন, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় সৌদি সরকার যে সব পদক্ষেপ নিয়েছে, তার প্রতি জিসিসির সদস্যদেশগুলো পূর্ণ সমর্থন জানায়। এ ক্ষেত্রে সদস্যদেশগুলো সৌদি আরবের পাশে ঐক্যবদ্ধভাবে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিমানবন্দরে চালানো এই হামলায় ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সৌদি আরবের চারজন, বাংলাদেশের দুজন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন।
উল্লেখ্য, হুথিরা গত বৃহস্পতিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ধারাবাহিক হামলার দাবি করেছিল। ওই হামলায় একটি বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তিনজন নিহত হয়েছিলেন। তবে শনিবারের সর্বশেষ হামলার দায় তারা তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি।