রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার পর আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দীর্ঘ চার ঘণ্টা পার হলেও আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি সামাল দিতে বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন রাত সাড়ে ৯টার দিকে জানান, ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে পাঁচটি ইউনিট কাজ শুরু করলেও, আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়লে অতিরিক্ত ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে মোট ১০টি ইউনিট পাঠানো হয়েছে, যার মধ্যে সাতটি সরাসরি আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভবনটিতে প্রচুর ধোঁয়া থাকায় দমকল কর্মীদের কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে। এছাড়া ভবনটির ষষ্ঠ তলার অধিকাংশ কক্ষ তালাবদ্ধ থাকায় সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকাটির রাস্তা অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে। এছাড়া ভবনটি লাগোয়া থাকায় আগুনের শিখা দ্রুত পাশের ভবনে ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি বিদ্যুৎ ও ওয়াই-ফাইয়ের তারের জট আগুনের উৎসে পানি পৌঁছানোর পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।