বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরে দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে। দলটির নতুন এই কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন। একই সাথে এস এম জাহাঙ্গীর হোসেনকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির এই ২ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করবে।
আহ্বায়কের দায়িত্ব পাওয়া শফিকুল ইসলাম খান মিল্টন সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কাছে ১ হাজার ৬১৪ ভোটের ব্যবধানে হারেন তিনি। পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে তাঁকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেয় বিএনপি সরকার। দলীয় পদে আসার আগে তিনি জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।