দেশের রাষ্ট্রায়ত্ত ৩টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
নিয়োগ বাতিল হওয়া ব্যাংক কর্মকর্তারা হলেন সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি ও সিইও মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি ও সিইও কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এসব নিয়োগ বাতিলের বিষয়ে সরকারের সম্মতি ও সুপারিশ রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে তাদের চুক্তির শর্ত এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।