শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ঝিনাইগাতী উপজেলায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন এলাকার মোট ১২টি মণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন। এর আগে রবিবার সন্ধ্যা থেকে তিনি আরও ৭টি মণ্ডপ পরিদর্শন করেছিলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।’ তিনি আরও যোগ করেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন এবং ধর্মীয় উৎসব উদ্যাপন করবেন—এটাই প্রত্যাশা।
সাম্প্রদায়িক সম্প্রীতিকে বাংলাদেশের ঐতিহ্য ও শক্তি উল্লেখ করে তিনি বলেন, এই সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্গাপূজাকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উল্লেখ করে তিনি জানান, উৎসবটি শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদ্যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান ও মো. শামীম মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও পূজা উদ্যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।