কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে কম্বোডিয়া ও ক্রোয়েশিয়া। গত মঙ্গলবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয় বলে দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন এবং সফররত ক্রোয়েশিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী গোরদান গ্রলিচ রাদমান নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের আগে দুই পররাষ্ট্রমন্ত্রী একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ঘনিষ্ঠ সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য যে, চলতি বছর কম্বোডিয়া ও ক্রোয়েশিয়া তাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদ্যাপন করছে। বৈঠকের আলোচনায় গত তিন দশকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র যে আরও বিস্তৃত হয়েছে, তা বিশেষভাবে উঠে আসে। এই নতুন চুক্তি দুটির মাধ্যমে কূটনৈতিক পাসপোর্টধারীদের যাতায়াত সহজতর হওয়ার পাশাপাশি কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।