যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘নিষ্ঠুর ও দুর্নীতিবাজ’ হিসেবে আখ্যায়িত করে তাকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার ওহাইও অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এই আহ্বান জানান। ওবামা অভিযোগ করেন যে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলা, দুর্নীতি ও অদক্ষতা আগের চেয়ে অনেক বেড়েছে। তিনি ওহাইওর ভোটারদের রিপাবলিকান প্রশাসনের বিরুদ্ধে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, গত দুই বছরে দেশ যে বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অদক্ষতার সম্মুখীন হয়েছে, আধুনিক যুগে তার কোনো নজির নেই। এখন ভোটারদের কাছে সময় এসেছে বলার যে, ‘যথেষ্ট হয়েছে, আর নয়’।
ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করতে গিয়ে ওবামা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের প্রসঙ্গ টেনে আনেন। তিনি এই যুদ্ধকে ‘অপ্রয়োজনীয়’ বলে অভিহিত করে বলেন, ট্রাম্প একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এবং এমন একটি যুদ্ধ শুরু করেছেন যা কেউ চায়নি।
সমাবেশে ওবামা ওহাইওর গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীর একটি নির্বাচনী বিজ্ঞাপনেরও কড়া সমালোচনা করেন। ওই বিজ্ঞাপনে ডেমোক্রেটিক প্রার্থী অ্যামি অ্যাকটনের শৈশবের অভিজ্ঞতার বিরোধিতা করে তার মা ডোনা আর্থার ভোটারদের অ্যাকটনকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। রামাস্বামীকে উদ্দেশ্য করে ওবামা বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে আমরা দেখেছি, তিনি এমন কোনো সীমা নেই, যা অতিক্রম করবেন না। তিনি কতটা নিচে নামতে পারেন, তারও সীমা নেই।’
অ্যামি অ্যাকটন তার শৈশবে সৎবাবার হাতে যৌন নির্যাতন, অবহেলা ও গৃহহীনতার শিকার হওয়ার যে বেদনাদায়ক অভিজ্ঞতার কথা জানিয়েছেন, ওবামা তার পাশে দাঁড়িয়ে সেটিকে সমর্থন করেন। অ্যাকটনের ভাইও তার বোনের এই অভিজ্ঞতার সত্যতা নিশ্চিত করেছেন। অ্যাকটন জানিয়েছেন, ১৯৭৮ সালের পর থেকে তিনি তার মায়ের সঙ্গে আর দেখা করেননি। ২০০৪ সালে মারা যাওয়া ওই সৎবাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল।