যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন চাইলে আজ রোববারই ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা পরিচালনা করতে পারে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পর পাম বিচ কাউন্টি সুপারভাইজার অব ইলেকশনস কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ইঙ্গিত দেন।
ইরানে নতুন করে হামলার প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ বিষয়টি নিয়ে তারা চিন্তাভাবনা করছেন এবং এটি আজই (রোববার) ঘটতে পারে। তবে তিনি এ বিষয়ে চূড়ান্ত কোনো নিশ্চয়তা দেননি। এর আগে বি-২ বোমারু বিমান দিয়ে চালানো অভিযান দীর্ঘমেয়াদি সমাধানের জন্য যথেষ্ট ছিল না বলে তিনি মন্তব্য করেন। ট্রাম্প বলেন, তাকে এই সিদ্ধান্ত স্থায়ী করতে হবে এবং সেই কারণেই তিনি নতুন পদক্ষেপের কথা ভাবছেন।
মার্কিন প্রেসিডেন্টের ভাষ্যমতে, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই তার প্রধান উদ্দেশ্য। তিনি সামরিক অভিযানের পাশাপাশি তেহরানের সঙ্গে চুক্তির পথটিও খোলা রেখেছেন। ট্রাম্প বলেন, হয় যুক্তরাষ্ট্রকে এই বিষয়টি শেষ করতে হবে, নতুবা ইরানকে কোনো চুক্তিতে পৌঁছাতে হবে। তবে শেষ পর্যন্ত যে পথই বেছে নেওয়া হোক না কেন, জয় যুক্তরাষ্ট্রেরই হবে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। যদিও বিভিন্ন সময় যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির আলোচনা হয়েছে, তবুও এই সংকটের কোনো স্থায়ী সমাধান এখনো মেলেনি।