বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা সরকার কোনোভাবেই হতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ক্রসফায়ার সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্ত্রী এই অবস্থান তুলে ধরেন।
এর আগে সোমবার চকবাজারে ‘কমিউনিটি ব্যাংক’-এর ইসলামিক ব্যাংকিং সেবার উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি মন্তব্য করেছিলেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অনুমতি দিলে পুলিশ ক্রসফায়ার করতে পিছপা হবে না। আইজিপির এমন বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি সহজ–সরল মানুষ। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বলতে গিয়ে অসতর্কতাবশত এমন কথা বলে ফেলেছেন। এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’
ক্রসফায়ার নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা কাস্টডিয়াল ডেথ সরকার সহ্য করবে না। তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের প্রধান লক্ষ্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশে এখন পর্যন্ত ক্রসফায়ারে মৃত্যু বা হেফাজতে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন। তবে অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
এদিকে আইজিপির এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, যে বিএনপি দীর্ঘদিন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে লড়াই করেছে, সেই দলের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা শোনাটা উদ্বেগের। তিনি প্রশ্ন তোলেন, আইজিপি কীভাবে এমন কথা বলতে পারেন। তবে এটি যদি অনিচ্ছাকৃতভাবে বলা হয়ে থাকে, তবে বিষয়টি ভিন্ন।