জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে অভিহিত করে তাকাইচি তারেক রহমান সরকারের জাতীয় উন্নয়নমূলক সব প্রচেষ্টায় জোরালো সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার টোকিওতে চার দিনের জাপান সফরের দ্বিতীয় দিনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে এই সমর্থনের বিষয়টি উঠে আসে।
বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী তার নিজস্ব এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তারেক রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান। তাকাইচি বলেন, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত বাংলাদেশ সরকারের জাতি গঠনমূলক উদ্যোগগুলোকে জাপান দৃঢ়ভাবে সমর্থন করবে। এই বৈঠকটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি জাপানের স্বীকৃতি এবং নতুন সরকারের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
জাপানের প্রধানমন্ত্রী মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ার ক্ষেত্রে বাংলাদেশকে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেন। তিনি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্তকারী বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থানের ওপর জোর দেন। আলোচনায় উভয় নেতা ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা ‘বিগ-বি’ উদ্যোগকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এই উদ্যোগটিকে এখন ‘শেয়ারিং প্রসপারিটি বিগ-বি’ নামক একটি নতুন কৌশলগত সহযোগিতা কাঠামোয় উন্নীত করা হবে বলে জানানো হয়েছে।
তাকাইচি বাংলাদেশের ১৭ কোটি মানুষের বিশাল ও তরুণ জনগোষ্ঠীর বাজারের সম্ভাবনা তুলে ধরেন, যা জাপানি অর্থনীতির জন্য ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাপান কর্তৃক স্বীকৃতি এবং বিভিন্ন খাতে দেশটির দীর্ঘদিনের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জাপানকে বাংলাদেশের জনগণের জন্য বিশেষ অংশীদার হিসেবে উল্লেখ করেন।
দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের উদ্যোগের মাধ্যমে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে উভয় নেতা একমত হয়েছেন। শীর্ষ সম্মেলনের পর প্রকাশিত যৌথ বিবৃতি দ্বিপাক্ষিক সহযোগিতার ভবিষ্যৎ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে তাকাইচি উল্লেখ করেন। তিনি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরের দ্বিতীয় দিন টোকিওতে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।