রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সিটিপল্লী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু (১৮) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত দুখু একটি পাতিল তৈরির কারখানায় কাজ করতেন এবং ঝালকাঠিতে তার গ্রামের বাড়ি। তিনি বর্তমানে সিটি পল্লীতে পরিবারের সাথে বসবাস করতেন।
নিহতের ভগ্নিপতি বাদশা জানান, মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে বাসার অদূরে ওয়াসা গেট এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে দুখুর বুকে গুলি বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ বর্তমানে হাসপাতালে রাখা হয়েছে এবং এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।