ব্রাজিলের স্পোর্টস ট্রাইব্যুনালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় সর্বোচ্চ ছয় ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন সান্তোসের তারকা ফুটবলার নেইমার। ফুটবলভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। মাঠে শৃঙ্খলাবিরোধী আচরণের অভিযোগ প্রমাণিত হলে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে এই তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে সান্তোসকে।
ঘটনার সূত্রপাত গত শনিবার অনুষ্ঠিত লিগের ম্যাচে, যেখানে বাহিয়ার মুখোমুখি হয়েছিল সান্তোস। ম্যাচটিতে সান্তোস ১-০ গোলে জয় পেলেও বিতর্কের সৃষ্টি হয় নেইমারের লাল কার্ড পাওয়াকে কেন্দ্র করে। খেলার একপর্যায়ে বাহিয়া মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে তর্কে জড়ান নেইমার। ওই সময় মুখে হাত দিয়ে কথা বলার অপরাধে রেফারি ৩৪ বছর বয়সী এই সান্তোস তারকাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন।
ম্যাচ শেষে প্রতিপক্ষ ক্লাব বাহিয়ার পক্ষ থেকে নেইমারের বিরুদ্ধে নেস্টরকে ‘মৌখিক লাঞ্ছনা’ করার গুরুতর অভিযোগ আনা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেস্টর দাবি করেন, নেইমার তাকে যা বলেছেন তা অত্যন্ত অবমাননাকর। এটি তার নিজের ব্যক্তিগত সম্মানের পাশাপাশি বাহিয়ার জার্সির মর্যাদাকেও চরমভাবে ক্ষুণ্ন করেছে বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে মুখে হাত দিয়ে কথা বলার বিষয়টি ভুল ছিল বলে স্বীকার করলেও কটূক্তি করার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন নেইমার। উল্টো নেস্টরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ তোলেন, ওই মিডফিল্ডার ফুটবলের অন্যতম নোংরা ও কূটকৌশলের আশ্রয় নিয়েছেন। এই শৃঙ্খলাভঙ্গের মামলার শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করা হয়েছে। গত মৌসুমে অবনমন বা রেলিগেশন থেকে কোনোরকমে রক্ষা পাওয়া সান্তোস বর্তমানে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে।