রাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টির অভিযোগের ভিত্তিতে চালানো অভিযানে মাদক উদ্ধার ও ৮৪ জনকে আটকের ঘটনায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন ও জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই আদেশটি ২৫ অক্টোবর থেকে কার্যকর বলে গণ্য হবে।
সাময়িক বরখাস্ত হওয়ার পাশাপাশি পুলিশের এই কর্মকর্তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে। এর আগে ১৯ অক্টোবর ভোররাতে খিলক্ষেতের পুলিশ হাউজিং আবাসিক এলাকায় তার ভাড়া দেওয়া বাড়িতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালায়। ঘটনার পরের দিনই পুলিশ সদর দপ্তরের রিঅ্যার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত জহিরকে সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছিল।
ওই অভিযানে বাড়িটি থেকে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ২৬ জন নারীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি জহিরের এই কর্মকাণ্ডকে শিষ্টাচারবহির্ভূত, অকর্মকর্তাসুলভ এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের দায়ে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী সরকারি খোরপোষ ভাতা পাবেন বলেও একই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।