অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফরে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার পেলেন তরুণ পেস বোলার মাহলি বিয়ার্ডম্যান। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সীমিত ওভারের সিরিজের জন্য ২১ বছর বয়সী এই পেসারকে অস্ট্রেলিয়া জাতীয় দলে ডাকা হয়েছে। অজি ক্রিকেট বোর্ডের ঘোষিত স্কোয়াডে তিন ম্যাচের ওয়ানডে এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিয়ার্ডম্যান এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে মাত্র একটি ওয়ানডে খেলেছেন এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের অপেক্ষায় আছেন।
ওয়ানডে স্কোয়াডে বিয়ার্ডম্যানের পাশাপাশি জ্যাক এডওয়ার্ডস, স্পেনসার জনসন ও লিয়াম স্কটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ থাকায় প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফর শেষে তারা সংক্ষিপ্ত বিশ্রামে থাকবেন এবং ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ১০টি টেস্ট খেলার প্রস্তুতি নেবেন। খেলোয়াড়দের কাজের চাপ বা ওয়ার্কলোড সামলাতে নির্বাচকরা ট্র্যাভিস হেড, ম্যাথিউ রেনশ, জশ ইংলিশ, কুপার কনলি ও ক্যামেরন গ্রিনের ওপর থেকেও চাপ কমানোর নীতি গ্রহণ করেছেন।
উভয় ফরম্যাটেই দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল মার্শ। টি-টোয়েন্টি স্কোয়াডে এডওয়ার্ডসের সঙ্গে ফিরেছেন মারকুটে ব্যাটার জেক ফ্র্যাজার-ম্যাকগার্ক, যিনি সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২৫ সালের জুলাইয়ে। এছাড়া বিগ ব্যাশ লিগ ও অস্ট্রেলিয়া ‘এ’ দলে দুর্দান্ত পারফর্ম করে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন তরুণ উইকেটকিপার-ব্যাটার লাকলান শ।
দল নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজটি নতুনদের জন্য নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। ভারতে বিয়ার্ডম্যানের পারফরম্যান্স আমাদের আশাবাদী করেছে এবং তিনি ভবিষ্যতে সব ফরম্যাটের উপযোগী খেলোয়াড় হয়ে উঠবেন বলে আমরা বিশ্বাস করি। তরুণ লাকলান শ ও ফ্র্যাজার-ম্যাকগার্কের ওপরও নির্বাচকদের পূর্ণ আস্থা রয়েছে।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, স্পেনসার জনসন, অলি পিক, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, নিখিল চৌধুরী, টিম ডেভিড, জোয়েল ডেভিস, জ্যাক এডওয়ার্ডস, নাথান এলিস, জেক ফ্র্যাজার-ম্যাকগার্ক, স্যাম হার্পার, স্পেনসার জনসন, মিচেল ওয়েন, লাকলান শ ও অ্যাডাম জাম্পা।