যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। সিএনএন-এর সর্বশেষ আপডেট অনুযায়ী, এই ১৬টি আসনের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি জয় পেয়েছে মাত্র চারটি আসনে। অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাট জয় পেয়েছে ১২টি আসনে।
প্রতিনিধি পরিষদে মোট আসন সংখ্যা ৪৩৫টি। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয়ী হতে হবে। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র পাঁচটি আসনের ব্যবধানে সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। সাধারণত এমন আসনগুলোতেই ব্যবধান তৈরি হয়ে থাকে।
মঙ্গলবার দেশজুড়ে ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে অন্তত ৯টি অঙ্গরাজ্যের ফলাফল আসা শুরু হয়েছে। কিছু জায়গায় এখনো ভোটগ্রহণ চলছে এবং সেগুলোর চূড়ান্ত ফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। আলজাজিরার তথ্য অনুযায়ী, বর্তমানে রিপাবলিকান পার্টি আরও ৪০টি আসনে এবং ডেমোক্র্যাটরা ৩৫টি আসনে এগিয়ে আছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।
অন্যদিকে, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনের ভোটগ্রহণ মঙ্গলবার সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষকেই চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়নি। তবে প্রাথমিক তথ্যানুযায়ী, সিনেটের পাঁচটি আসনে ডেমোক্র্যাটিক পার্টি এবং দুটিতে রিপাবলিকান পার্টি এগিয়ে আছে।