ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী হুথি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে তাদের চলমান সামরিক অভিযানে বড় ধরনের সাফল্যের দাবি করেছে। সরকারি বাহিনীর তথ্য অনুযায়ী, ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামের এই অভিযানে এ পর্যন্ত ৪৪০ জন হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। অভিযানে হুথিদের সামরিক সক্ষমতা কমিয়ে আনতে তাদের ১৩২টি সামরিক যান, সাঁজোয়া ইউনিট এবং বিভিন্ন ধরনের ভারী অস্ত্র ধ্বংস কিংবা অকেজো করে দেওয়া হয়েছে।
দেশটির সরকারি সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলির বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে। মুখপাত্র জানান, সরকারি বাহিনী এই অভিযানে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০টি হামলা চালিয়েছে। তার দাবি, এই অভিযানে হুথিদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের সামরিক অবস্থানগুলো দুর্বল হয়েছে।
উল্লেখ্য যে, রাজধানী সানা এবং হুথিদের দখলে থাকা অন্যান্য এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে গত ৫ অক্টোবর এই সামরিক অভিযান শুরু করে সরকারি বাহিনী। তবে অভিযান শুরুর এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের অগ্রগতির খবর পাওয়া যায়নি। বর্তমানে দুই পক্ষের মধ্যে পালটাপালটি হামলা এবং সামরিক অবস্থান ধরে রাখার লড়াই চলছে, যা সংঘাতকে দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতির এক লড়াইয়ে রূপ দিয়েছে।