দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে বিজিএমইএ প্রতিনিধিরা পোশাক শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। তারা এই সমস্যাগুলোর সমাধানে কিছু স্বল্প ও দীর্ঘমেয়াদি দাবি ও প্রস্তাবনাও উপস্থাপন করেন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য পদক্ষেপ নিতে নির্দেশ দেন। তিনি বলেন, পোশাক শিল্পের যেসব সমস্যা এখনই সমাধান করা সম্ভব, তা দ্রুত সম্পন্ন করা হবে। তবে এগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা হওয়ায় সব সমাধানে কিছুটা সময় প্রয়োজন হবে। সরকার ইতোমধ্যে এই সমস্যাগুলো সমাধানে কাজ শুরু করেছে বলে তিনি আশ্বস্ত করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার ব্যবসা-বাণিজ্যবান্ধব বাজেট প্রণয়ন করেছে। পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা গেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। জনগণের সমস্যা এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধান করতেই সরকার দায়িত্ব নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ বিজিএমইএ নেতারা উপস্থিত ছিলেন।
বুধবার (২২ জুলাই) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।