চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি সার দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার উসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠ থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসেম আলী ওই গ্রামেরই মৃত রস্তম মণ্ডলের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জমিতে সার প্রয়োগের জন্য বাড়ি থেকে বের হন হাসেম আলী। এরপর তিনি আর ফিরে আসেননি। পরদিন সকালে স্থানীয়রা মাঠে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, মরদেহের জখম দেখে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy