আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তা বর্তমানে যুগ্ম সচিব পদমর্যাদায় কর্মরত ছিলেন এবং তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে তাদের এই অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, বিধি মোতাবেক তারা অবসরজনিত সব ধরনের সরকারি সুবিধা প্রাপ্য হবেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনের বিষয়টিই তাদের অবসরে পাঠানোর সিদ্ধান্তের ক্ষেত্রে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।