ভালোবাসা, অপেক্ষা এবং গভীর বিরহের আকুল অনুভূতির মিশেলে প্রকাশিত হলো কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের তৃতীয় গান ‘পাতার বাঁশরি’। গানটি প্রেম ও হৃদয়ের না-বলা আবেগের এক চিরন্তন চিত্র তুলে ধরেছে। এই চমৎকার গানটির কথা ও সুর করেছেন ইশান, আর সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন আদিত রহমান। গানে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন ইশান ও সুনিধি নায়েক।
গানটির মূল উপজীব্য হলো এক প্রেমিকের প্রিয় মানুষের বাঁশির সুরে বারবার ব্যাকুল হওয়ার গল্প। যেখানে নিজেকে দূরে রাখতে চাইলেও শেষ পর্যন্ত ভালোবাসার টানেই তাকে ফিরে আসতে হয়। দুই শিল্পীর আবেগঘন কণ্ঠ ও সহজ ভাষার সুরের মেলবন্ধন গানটিকে শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় করে তুলেছে।
গানের মিউজিক ভিডিওটিও দর্শকদের নজর কেড়েছে। নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী স্থাপনা ও মনোরম প্রাকৃতিক পরিবেশে এর চিত্রধারণ করা হয়েছে, যা গানের গল্পের আবহকে আরও জীবন্ত করে তুলেছে। ভালোবাসার টান ও দূরে থাকার কষ্টের এই যুগলবন্দী গানটি বর্তমানে কোক স্টুডিও বাংলার সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও অফিসিয়াল চ্যানেলে উপভোগ করা যাচ্ছে।