গ্রাহকসেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজেদের দ্বিতীয় আউটলেট চালু করেছে দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। গত ৩০ জুলাই ২০২৬ তারিখে বসুন্ধরার ব্লক-এফ, রোড-১৯, সাবরিনা সোবহান ৪র্থ অ্যাভিনিউয়ের (ব্লক-এফ জামে মসজিদের পাশে) প্লট-৬৩৩/এ-তে ১০,২০০ বর্গফুটের এই বৃহৎ প্রিমিয়াম আউটলেটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এটি দেশজুড়ে স্বপ্নের ৯৭৫তম আউটলেট। এই নতুন শাখাটির ফলে এলাকার বাসিন্দাদের কেনাকাটার অভিজ্ঞতা আরও আধুনিক ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান এবং হেড অব অপারেশন (বিগ বক্স প্রিমিয়াম আউটলেট) মো. কৌশিক রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “অনেকদিন ধরেই বসুন্ধরার এফ, এল, এম ব্লকসহ আশপাশের বাসিন্দারা এখানে একটি স্টোর খোলার দাবি জানিয়ে আসছিলেন। মূলত স্থানীয় গ্রাহকদের প্রয়োজন ও সুবিধার কথা বিবেচনা করেই এই আউটলেটটি চালু করা হয়েছে। গ্রাহকদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার সাহস।” তিনি আরও উল্লেখ করেন যে, টানা দশ বছর সেরা রিটেইল ব্র্যান্ড হওয়ার পাশাপাশি দেশের সব ক্যাটাগরির ব্র্যান্ডের মধ্যে ‘স্বপ্ন’ এখন ষষ্ঠ স্থানে রয়েছে, যা গ্রাহকদের গভীর আস্থারই বহিঃপ্রকাশ।
নতুন এই আউটলেটে গ্রাহকরা এক ছাদের নিচে তাজা মাছ, মাংস, ফলমূল, শাকসবজি, নিত্যপ্রয়োজনীয় মুদি সামগ্রী, দুগ্ধজাত পণ্য, বেকারি, ফ্রোজেন ফুড, পার্সোনাল কেয়ার ও গৃহস্থালির প্রয়োজনীয় সব মানসম্মত পণ্য কিনতে পারবেন। দেশের শীর্ষ রিটেইল চেইন হিসেবে ‘স্বপ্ন’ আধুনিক কেনাকাটার অভিজ্ঞতা ছড়িয়ে দিতে নিয়মিত নতুন নতুন এলাকায় তাদের সেবার পরিধি সম্প্রসারণ করে যাচ্ছে।