গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে এমন ইঙ্গিত পাওয়ার পর মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন যে, এ বিষয়ে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই হরমুজ প্রণালি দিয়ে আবারও জাহাজ চলাচল শুরু হওয়ার আশা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার এই সংবাদের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। প্রধান সূচক ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেল প্রতি প্রায় পাঁচ শতাংশ কমে ৮০ ডলারের নিচে নেমে এসেছে। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও পাঁচ শতাংশের বেশি হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৭৬ ডলারে দাঁড়িয়েছে। উভয় ধরনের তেলের দামই ১৩ই জুলাইয়ের পর থেকে বর্তমানে সর্বনিম্ন অবস্থানে রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরও জানিয়েছেন যে, হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে ইরান ও ওমানের সঙ্গে আলোচনা এগিয়েছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নিরসনের আগের প্রচেষ্টাগুলো ব্যর্থ হওয়ায় তেলের বাজারে এখনো কিছুটা অস্থিরতা বিরাজ করছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।