জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দর্শকদের জন্য দিনভর থাকছে কবিতা আবৃত্তি, সাক্ষাৎকার, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত বিশেষ ফিলার ও রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচির সরাসরি সম্প্রচার করা হবে।
বিটিভির অনুষ্ঠান সূচি অনুযায়ী, আজ বিকাল ৪টা ৫ মিনিটে প্রচারিত হবে কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান। এরপর বিকাল ৪টা ৩০ মিনিটে দর্শকরা দেখতে পাবেন আয়নাঘরের দুঃসহ স্মৃতি নিয়ে নির্মিত সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় থাকছে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানভিত্তিক কবিতা আবৃত্তির অনুষ্ঠান। রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ও গণতন্ত্রের উত্তরাধিকার নিয়ে বিশেষ আলোচনা। এ ছাড়া রাত ১০টায় নাচ, গান ও আলোচনার সমন্বয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান এবং রাত ১১টায় আরেকটি বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
এদিকে, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানও সরাসরি দেখানো হবে। এই দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহামান্য রাষ্ট্রপতি। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে, যার শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী।