ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওই স্কুলছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তদের কৌশলের শিকার হয়। স্থানীয় একটি বাগান এলাকায় নিয়ে তাকে একাধিক ব্যক্তি মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে। মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, ঘটনার সময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করেছিল।
ভুক্তভোগীর ভাইয়ের করা অভিযোগের ভিত্তিতে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামি রাহাত, সিয়াম ও ইমনকে গ্রেপ্তার করে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই জঘন্য ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগীর পরিবার জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।