টেকনাফে মানবপাচারকারী সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখ’র দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে একটি হেলিকপ্টারযোগে তার মরদেহ ফরিদপুরের নগরকান্দায় নিজ গ্রামের বাড়িতে আনা হয়। পদ্মা সেনানিবাসে নিযুক্ত মেজর সোহেল আহমেদ-এর নেতৃত্বে ১৫ আর-ই (রিভারনিং ইঞ্জিনিয়ারিং) ব্যাটেলিয়ানের সদস্যরা মরদেহটি বুঝে নেন। এরপর সড়ক পথে মরদেহটি উপজেলার লস্করদিয়া গ্রামে নেয়া হয়।
তিতাসের মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারি হয়ে ওঠে। মাগরিবের নামাজ শেষে লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজায় তার স্বজন, প্রতিবেশী, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে সেনাবাহিনীর একটি চৌকস দল তিতাসকে গার্ড অব অনার প্রদান করে। কক্সবাজারের রামু সেনানিবাসের একবীর ইউনিট অফিসার ক্যাপটেন সাজিদ এই গার্ড অব অনারের নেতৃত্ব দেন। সব আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সন্ধ্যায় সামরিক সশস্ত্র সালামের মধ্য দিয়ে লস্করদিয়া কবরস্থানে নানীর কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।