ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর (হাজি পাড়া) এলাকায় অভিযান চালিয়ে আপন দুই ভাইবোনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন মোসাঃ বাবলি (২৬) ও মোঃ রুবেল রানা (৩২)। তারা উভয়েই ছোট বাবুর সন্তান এবং তাদের মায়ের নাম মোসাঃ মেরিনা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, ৬ নভেম্বর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আসামিরা দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। অভিযানের সময় বাবলির মাথার চুলের খোপার ভেতর থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকাও জব্দ করেছে পুলিশ।
ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, পুলিশ সুপার মো: বেলাল হোসেনের নির্দেশনায় মাদক ও অনলাইন জুয়া নির্মূলে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় হরিহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।