রাজধানীর বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১০ আগস্ট) বিকেলে ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পাম্পের বিক্রয়লব্ধ টাকা উত্তরা ১ নম্বর সেক্টরের একটি ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে করে আসা ৬ থেকে ৭ জন সশস্ত্র দুষ্কৃতকারী টাকা বহনকারী কভার্ডভ্যানটির গতিরোধ করে। তারা পিস্তল প্রদর্শন করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে কর্মচারীকে রক্তাক্ত জখম করে টাকাভর্তি ব্যাগ নিয়ে আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। গুরুতর আহত ওই কর্মচারীকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ জানান, পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পাম্প কর্তৃপক্ষের ভাষ্যমতে, সাপ্তাহিক ছুটির কারণে দুই দিনের জমাকৃত প্রায় ১ কোটি ২১ লাখ টাকা রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হচ্ছিল। পুলিশের ধারণা, নিয়মিত এই টাকা বহনের বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই নজরদারিতে রেখেছিল। বর্তমানে পুলিশ ও একাধিক তদন্ত দল জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, ছিনতাইয়ের শিকার হওয়া ডিএল পেট্রোল পাম্পটির মালিক তাসীন হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।