বিদেশে উচ্চশিক্ষার জন্য টিউশন ফি এবং অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধের প্রক্রিয়া আরও সহজ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১০ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে এ বিষয়ে নতুন নির্দেশনা প্রদান করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ব্যবহার করে সরাসরি বিদেশি বিশ্ববিদ্যালয় ও অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে তাদের টিউশন ফি পরিশোধ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি এবং আনুষঙ্গিক শিক্ষা ব্যয় পরিশোধের চাহিদা ক্রমাগত বাড়ছে। এই বাস্তবতাকে বিবেচনা করেই শিক্ষার্থীদের সুবিধার্থে আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে।
এই নতুন সিদ্ধান্তের একটি বড় সুবিধা হলো, শিক্ষা-সংক্রান্ত এই লেনদেনগুলো ব্যাংকের প্রচলিত বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটা কিংবা অন্য কোনো বৈদেশিক মুদ্রা সুবিধার সীমার অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ, বিদেশে পড়াশোনার জন্য কার্ডের মাধ্যমে পরিশোধ করা অর্থ সাধারণ ভ্রমণ কোটায় কোনো প্রভাব ফেলবে না।
নির্দেশনা অনুযায়ী, এই কার্ড শিক্ষার্থীর নিজের নামে অথবা তার শিক্ষা ব্যয় বহনকারী অভিভাবক বা অন্য কোনো ব্যক্তির নামে ইস্যু করা যাবে। তবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে যে, ইস্যুকৃত কার্ড দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে শুধুমাত্র অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয়ই পরিশোধ করা হচ্ছে। এছাড়া, প্রতিটি লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণ করতে হবে এবং নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে নিয়মিত তথ্য ও প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।