সাভারের আশুলিয়াস্থ ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের স্টুডেন্ট লাউঞ্জে আয়োজিত তিন দিনব্যাপী ‘ডিআইইউ বইমেলা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। বই, পাঠ ও জ্ঞানচর্চার এক প্রাণবন্ত আয়োজনে মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। মেলা চলাকালীন প্রতিদিন ৭ হাজারেরও বেশি দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও ডিআইইউ প্রেসের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। মেলার অফিসিয়াল স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করেছে ইউজিসির বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN)। এতে দেশের স্বনামধন্য ২১টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
গত ৯ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, BdREN-এর প্রতিনিধি এবং দেশের বিশিষ্ট লেখকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রকাশকদের সঙ্গে প্রকাশনা শিল্পের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত ছিল। স্টলগুলোতে বাংলা ও ইংরেজি ভাষার সাহিত্য, উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ এবং একাডেমিক ও গবেষণাধর্মী বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়। প্রতিদিন ৭ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও গবেষকের সমাগমে ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি জ্ঞানভিত্তিক ও সৃজনশীল সমাজ গঠনে বই পড়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নিয়মিত বই পড়ার অভ্যাস তাদের চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে সমৃদ্ধ করে। এই বইমেলায় শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ক্যাম্পাসে পাঠচর্চার প্রতি গভীর আগ্রহের প্রমাণ দেয়। ভবিষ্যতে শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।