দেশের গ্রাম ও মফস্বল এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিংয়ের কবলে পড়ার পর এবার রাজধানীর বিভিন্ন এলাকাতেও বিদ্যুৎ বিভ্রাট প্রকট হয়ে উঠেছে। বুধবার মধ্যরাতে ঢাকার একাধিক এলাকায় বারবার বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে তীব্র গরমে গভীর রাতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা এই লোডশেডিং নিয়ে তাদের ক্ষোভ ও দুর্ভোগের কথা তুলে ধরেছেন। মধ্যরাতে বিদ্যুৎহীন অবস্থায় ঘুমের ব্যাঘাত ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার বিষয়টি নিয়ে অনেকেই বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এভাবে মধ্যরাতে বিদ্যুৎ চলে গেলে তীব্র গরমে সাধারণ মানুষ কীভাবে রাত কাটাবে।
শেরেবাংলা নগর এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, রাতে প্রায় ২০ মিনিট বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে তাদের জানানো হয়, বিদ্যুৎ ফিরতে আরও অন্তত ৩০ মিনিট সময় লাগতে পারে। রাজধানীর আরও কয়েকটি এলাকা থেকেও একই সময়ে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ পাওয়া গেছে।
রামপুরার বাসিন্দা রাসেল জানান, দিনের বেলাতেও বিদ্যুৎ পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি জানান, রাতে বিদ্যুৎ থাকলেও সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। রাসেল বলেন, ‘বাচ্চাদের নিয়ে খুবই অসুবিধায় পড়তে হয়েছে। তীব্র গরমে তাদের নিয়ে খুব কষ্টে সময় পার করেছি।’