আগামীকাল শনিবার ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা ঠেকাতে নয়টি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ আগস্টকে ঘিরে পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বহুমাত্রিক এই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। ডিএমপির নেওয়া এই নিরাপত্তা ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা এবং মহানগরীর সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা।
নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি ও সিটিটিসির সদস্যদের অপারেশনাল কার্যক্রমে মোতায়েন রাখা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিটের মাধ্যমে সুইপিং কার্যক্রম চালানো হবে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে, যেখানে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে।
গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহের জন্য সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে এবং জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হবে। নিয়মিত পুলিশ মোতায়েনের বাইরেও মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিংমলের মতো সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য ও কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা মাঠপর্যায়ে অবস্থান করে নিজ নিজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা সরাসরি তদারকি করবেন।